অতিরিক্ত দামে তেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কদমতলী মোড়ে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘সিয়াম অটো পয়েন্ট’ নামের একটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল ও অক্টেন বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোকান মালিক শাফায়েতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় দোকানে মজুত থাকা জ্বালানি তেল সরকার নির্ধারিত মূল্যে বিভিন্ন যানবাহনের চালকদের কাছে বিক্রি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম বলেন, ভোক্তাদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না। সরকার নির্ধারিত মূল্যের বাইরে জ্বালানি তেল বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)