পিঠে ফোঁড়া নিয়ে ভর্তি রোগী, অপারেশনের পর মৃত্যুর অভিযোগ
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটিতে ভাঙচুর চালিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বুধবার রাত ৮টার দিকে সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার বিলকিস বেগম পিঠের একটি ফোঁড়া নিয়ে কে আই হাসপাতালে ভর্তি হন। সেখানে ডা. আহসান হাবিবের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়। স্বজনদের দাবি, অস্ত্রোপচারের পরপরই রোগীর অবস্থার অবনতি হলে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকায় রেফার করে। ঢাকা নেওয়ার পথে রাত ১১টার দিকে বিলকিস বেগম মারা যান।
নিহতের স্বজন হাসান মাতুব্বর অভিযোগ করে বলেন, পিঠের ফোঁড়া নিয়ে আমার রোগী হাসপাতালে ভর্তি হয়। অপারেশন শুরু করার কিছুক্ষণের মধ্যেই তার অবস্থা খারাপ হয়ে যায়। তড়িঘড়ি করে রোগীকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়ে দেওয়ার সময়ই আমাদের সন্দেহ হয়েছিল। সামান্য ফোঁড়া অপারেশন করতে গিয়ে রোগী মারা যাওয়া কোনোভাবেই মানা যায় না। এখানে নিশ্চিত অবহেলা ও ভুল চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা তৌকির হাসান সোহেল বলেন, আমাদের এখানে অভিজ্ঞ চিকিৎসকরাই সেবা দেন। ওই রোগীর ফোঁড়ায় পচন ধরেছিল। অপারেশন ঠিকমতোই হয়েছে, তবে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছিল। পরে মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালের রিসিপশন ও চিকিৎসকের চেম্বারসহ গুরুত্বপূর্ণ অংশে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, রোগীর মৃত্যু এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি শান্ত রাখতে আপাতত হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে এবং চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এম. আর. মুর্তজা, মাদারীপুর