কেন্দুয়া সমিতি ঢাকার সভাপতি সৈয়দ আলমগীর, সম্পাদক রেহান মিয়া
কেন্দুয়া উপজেলা সমিতি, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৭ ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (১১ এপ্রিল)। রাজধানীর প্যান ডি এশিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কেন্দুয়া উপজেলার নবীন ও প্রবীণদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
নির্বাচনে ২৯ সদস্যবিশিষ্ট কমিটির বিজয়ী প্রার্থীরা আগামী দুইবছরের জন্য সমিতির কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর খসরু, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেহান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াংসু সিএমজেড সাইন্স অ্যান্ড টেক কোম্পানি লিমিটেড, চায়না বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সারোয়ার জাহান চৌধুরী পলাশ।
সমিতির বিদায়ী সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মাহবুবা পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। তিনি কেন্দুয়া উপজেলা সমিতি, ঢাকাকে দলমত নির্বিশেষে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করার আহ্বান জানান। পাশাপাশি সমিতির কল্যাণে সার্বিক সহযোগিতার করারও আশ্বাস দেন তিনি।
বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন দোলন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. আজিজুল ইসলাম, করপোরেট ব্যক্তিত্ব ও বিপণন বিশেষজ্ঞ সৈয়দ আলমগীর খসরু, আশালয় হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিন মোহাম্মদ হিলালী, কেন্দুয়া উপজেলা সমিতি, ঢাকার সাবেক সভাপতি ও সাবেক কাস্টমস কর্মকর্তা নূরুল ইসলাম ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী নাগিবুল ইসলাম দীপু, ব্যবসায়ী ও রাজনীতিবিদ নাজমুল হাসান, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সানোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও আরএকে সিরামিক বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া জুয়েল। তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সমিতি আগামী দিনে সাবলীল ও গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রেখে সবার কল্যাণে কাজ করবে এবং নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সহকারী নির্বাচন কমিশনার দায়ীত্ব পালন করেন ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজিয়া আইরিন রুমঝুম ও দ্বীপ নিটওয়্যার লিমিটেডের পরিচালক হাসান তৌফিকুল হক পলাশ।
অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত কেন্দুয়ার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কেন্দুয়া উপজেলা থেকেও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ এ মিলনমেলায় যোগ দেন। তাদের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
১৯৯০ সালে কেন্দুয়া উপজেলা সমিতি, ঢাকার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন ঢাকায় বসবাসরত কেন্দুয়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ সমিতিটি প্রতিষ্ঠা করেন।

নিজস্ব প্রতিবেদক