এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী
দেশে এপ্রিল ও মে মাসের জন্য পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে এবং সরকার জুন মাসের জ্বালানি মজুতের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে। এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা সরকারের সংগ্রহের পাশাপাশি ছয় সপ্তাহের জেট ফুয়েল মজুত আছে। এ ছাড়া বিভিন্ন উৎস থেকেও জুন মাসের জন্য জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে সরকার।
প্রতিমন্ত্রী আরও জানান, ইস্টার্ন রিফাইনারিতে জ্বালানি পরিশোধন বন্ধ থাকায় পরিশোধিত জ্বালানি আমদানিতে মনোযোগ দিয়েছে সরকার।
২০২৯ সাল থেকে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটের কার্যক্রম শুরু হবে উল্লেখ করে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, শিল্প ও কৃষিকে গুরুত্ব দিয়ে বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থাপনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইস্টার্ন রিফাইনারিতে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব থেকে ক্রুড অয়েল এনে রিফাইন্ড করা হয়। যুদ্ধের কারণে মার্চ ও এপ্রিলের নিয়মিত ক্রুড অয়েলের কার্গো জাহাজ আসতে পারেনি। কার্গোগুলো হরমুজ প্রণালি ব্যবহার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। বিকল্প ব্যবস্হা হিসেবে একটি ক্রুড অয়েলবাহী কার্গো স্ট্যান্ডবাই আছে। এ মাসের মধ্যে কার্গোটি চট্টগ্রামে পৌঁছবে। ক্রুড অয়েলের অভাবে সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হয়েছে। তবে এ সময়ে ইস্টার্ন রিফাইনারি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। অয়েল কার্গো আসার পর পুরোদমে ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন কাজ শুরু হবে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম