দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করতে কাজ করছে সরকার।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার হাই স্কুল এন্ড কলেজ মাঠে কৃষক কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন মন্ত্রী।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, আমাদের ৭০ শতাংশ জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেশের কৃষি শক্তিশালী হলে অর্থনীতি শক্তিশালী হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেশ পুনর্গঠনে যে ৩১ দফা রূপরেখা দিয়েছিলেন সেখানে কৃষিখাতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছিলে। নির্বাচনি ইশতেহারে কৃষকের জন্য স্বতন্ত্র কৃষক কার্ড প্রদানের অঙ্গীকার করা হয়েছিল। সরকার গঠনের পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষক কার্ড চালুর প্রাক-পাইলটিং শুরু হয়। আজ কুমিল্লার অরণ্যপুর ব্লকে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে দেশের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকের ২২ হাজার ৬৫ জন কৃষককে কৃষক কার্ড বিতরণ করা হলো। পর্যায়ক্রমে দেশের সকল কৃষককে কৃষি কার্ড দেওয়া হবে।
কৃষিমন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশ থেকে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য শেষ হবে। কৃষক প্রতিটি পণ্যের ন্যায্যমূল্য পাবেন। ক্ষুদ্র, প্রান্তিক ও ভূমিহীন কৃষক ২ হাজার ৫০০ টাকার প্রণোদনা পাবেন, যা দিয়ে সার, বীজ, বালাইনাশক ও সকল ধরনের কৃষি সেবা নিতে পারবেন। কৃষির আধুনিকায়নে সরকার কৃষকদের ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকিমূল্যে যে যন্ত্রপাতি সরবরাহ করে, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকগণ সে সুবিধাও পাবেন। কৃষি ঋণ ও কৃষি বিমার সুবিধাও এ কার্ডের মাধ্যমে পাওয়া যাবে বলেও মন্ত্রী জানান।
কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, দেশের কৃষিতে ব্যপক আকারে সোলার সিস্টেমের মাধ্যমে সেচ পাম্প চালুর পরিকল্পনা আছে। কৃষক কার্ডধারী কৃষকরা সমবায়ের মাধ্যমে এ সুবিধা পাবে। কৃষক কার্ডের মাধ্যমে সরকারের সমন্বিত কৃষকবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি স্বয়ংসম্পূর্ণ হবে।
বক্তব্য প্রদানের আগে কৃষিমন্ত্রী কৃষকদের হাতে কৃষক কার্ড ও ফলের চারা তুলে দেন।

নিজস্ব প্রতিবেদক