বন্ধুর জন্য মাথা ন্যাড়া করলেন আরও ৯ জন!
বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও এক হয়ে পাশে থাকার নামই যে প্রকৃত বন্ধুত্ব—তা আবারও প্রমাণ করলেন কুমিল্লার একদল যুবক। বন্ধুর একাকিত্ব আর কষ্ট দূর করতে একযোগে মাথা ন্যাড়া করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন তারা।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারে গত বুধবার (১৫ এপ্রিল) এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। শুক্রবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে নিজের মাথা ন্যাড়া করতে বাধ্য হন। সজীব যেন এতে বিষণ্ণ বোধ না করেন বা নিজেকে একা মনে না করেন, তাই তার পাশে দাঁড়ান ৯ ঘনিষ্ঠ বন্ধু। খৈয়াখালী বাজারের একটি সেলুনে গিয়ে একে একে কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর নিজেদের মাথা ন্যাড়া করে ফেলেন।
বন্ধুরা জানান, সজীবের মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় আবেগাপ্লুত হয়ে বলেন, এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে সুখে-দুঃখে সবকিছু ভাগ করে নেওয়া হয়।
বন্ধুদের এমন নিঃস্বার্থ ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে সজীবও চুপ করে থাকেননি। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের জন্য এক বিশেষ মধ্যাহ্নভোজ ও লটারিভিত্তিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন তিনি।
লটারিতে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি আস্ত খাসি, দ্বিতীয় পুরস্কার হিসেবে রাজহাঁস এবং তৃতীয় বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের প্রত্যেককে একটি করে হাতঘড়ি উপহার দেন সজীব।
মুরাদনগরের এই ১০ যুবকের বন্ধুত্বের গল্প প্রমাণ করে দিল, রক্তের সম্পর্কের বাইরেও হৃদয়ের বন্ধন অনেক সময় সবচেয়ে গভীর ও অকৃত্রিম হয়।

মাহফুজ নান্টু, কুমিল্লা