হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী আল্লাহর মেহমানদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পক্ষ থেকে প্রেরিত এই উপহারসামগ্রী ইতিমধ্যে আশকোনার ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে।
হজক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের জন্য এক লাখ বোতল মিনারেল ওয়াটার পাঠানো হয়েছে, যা ইতিমধ্যে সরবরাহ করা শুরু হয়েছে। এছাড়া উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষভাবে সাজানো প্যাকেটে রয়েছে—উন্নত মানের ব্যাকপ্যাক, ইহরামের সাবান ও পেট্রোলিয়াম জেলি, পানির পট ও মিসওয়াক ও বরকতময় আজওয়া খেজুর।
হজ অফিস সূত্রে জানা গেছে, এই উপহারসামগ্রীগুলো ইতিমধ্যে প্যাকেটজাত করা হয়েছে এবং আজ রাতে উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের হাতে তুলে দেওয়া হবে।
আজ রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক