সুন্দরবন থেকে জিম্মি দুই জেলে উদ্ধার, বনদস্যু আটক
সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ অভিযানে দুর্ধর্ষ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা দুই জেলেকে উদ্ধার এবং অস্ত্র ও গুলিসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনের সব বনদস্যু বাহিনীর বিরুদ্ধে কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর ধারাবাহিকতায় সুন্দরবনের বিভিন্ন স্থানে পৃথক দুটি সফল অভিযান চালানো হয়। এসব অভিযানে দুর্ধর্ষ ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর কাছে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং অস্ত্র ও গুলিসহ বনদস্যু দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।
সাব্বির আলম সুজন আরও জানান, গত ১৫ এপ্রিল মোংলার জয়মনিঘোল এলাকার শূয়োরমারা খাল সংলগ্ন স্থানে মাছ ধরতে গিয়ে এই দুই জেলে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে অপহৃত হয়। ডাকাতরা তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশে নির্যাতন চালায়। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে জিম্মিদের অবস্থান নিশ্চিত করা হলে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় কোস্ট গার্ড মোংলার মুর্তি খাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি কাঠের নৌকাসহ দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা জিম্মিদের ফেলে বনের ভেতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাশাপাশি গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত ডাকাত দয়াল বাহিনী সাতক্ষীরার শ্যামনগর থানাধীন হোগলডরা খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার সকাল ৬টায় কোস্ট গার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতর পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করে দুটি একনলা বন্দুক, নয় রাউন্ড তাজা গুলিসহ ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে আটক করা হয়।
সাব্বির আলম সুজন বলেন, আটক ডাকাত তরিকুল (৩৫) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে দয়াল বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি করে আসছিল।
সাব্বির আলম সুজন আরও বলেন, আটক ডাকাত, জব্দ করা অস্ত্র ও গুলির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা এবং উদ্ধার করা জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
সুন্দরবন সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান সাব্বির আলম সুজন।

আবু হোসাইন সুমন, মোংলা