মেহেরপুরে পেট্রল পাম্পে হামলা-ভাঙচুর
মেহেরপুর শহরের একটি প্রেট্রল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে শহরের কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একদল যুবক হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে পাম্পে এসে সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করে। এ সময় পাম্প কর্তৃপক্ষ বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায় এবং পাম্পের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি তদারকি করেন।
জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুনপাড়ার কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রায়ই সিরিয়াল ভেঙে তেল নিতে আসে এবং নানা ধরনের ঝামেলা সৃষ্টি করে। আজও তারা প্রায় ৫০টির বেশি মোটরসাইকেল নিয়ে একযোগে পাম্পে এসে একই চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়।
রেজানুর রহমান বিশ্বাস বলেন, এভাবে নিরাপত্তাহীনতার মধ্যে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর