মেহেরপুরে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও তিন দিনব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়।
জেলা প্রশাসন ও মেহেরপুর বন বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই সবুজায়ন নিশ্চিত করতে বেশি করে দেশজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ এবং সেগুলোর যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা পর্ব শেষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের বৈচিত্র্যময় স্টল বসানো হয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর