সোনারগাঁয়ে সাউন্ড গ্রেনেডসহ পুলিশের লুট হওয়া সরঞ্জাম উদ্ধার
নরসিংদীর শিবপুর থেকে তেলবাহী গাড়ি ডাকাতির ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির সঙ্গে জড়িত তেল ব্যবসায়ী আজিজুলের অফিসে অভিযানকালে ৫ আগস্টে পুলিশের কাছ থেকে লুট হওয়া চারটি সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। তবে তেলের গাড়ি উদ্ধার এবং জড়িত কাউকে আটক করা যায়নি।
পুলিশ জানায়, নরসিংদীর শিবপুরের ইটাখোলা এলাকা থেকে ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে সোনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকায় নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে ও সোনারগাঁ পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। তবে তার অফিস থেকে ৫ আগস্টে পুলিশের লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
সালাউদ্দিন কাদের বলেন, নরসিংদীর শিবপুরের ইটাখোলার ডাকাতি হওয়া একটি তেলবাহী গাড়ির সন্ধানে সোনারগাঁও পৌরসভায় অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুট হওয়া চারটি সাউন্ড গ্রেনেডসহ পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)