প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া, ঠিকাদারের গাড়িচালক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এলজিইডির উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে ধাওয়া ও লাঞ্ছিত করার ঘটনায় আলোচিত দ্বিতীয় আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে র্যাব-৯ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া র্যাব-৯ এই তথ্য নিশ্চিত করেছে। গ্রেপ্তার বিল্লাল হোসেন সংশ্লিষ্ট কাজের ঠিকাদারের গাড়িচালক এবং এই মামলার ২ নম্বর আসামি।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে এই মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করা হলেও বিল্লাল এতদিন পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার মেরকুটা থেকে শিবপুর বাজার আরঅ্যান্ডএইচ সড়ক পরিদর্শন করতে যান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রতিনিধি দল। পরিদর্শনের সময় তারা সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের প্রমাণ পান।
এই বিষয়ে ঠিকাদার ও মামলার প্রধান আসামি লোকমান হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রকৌশলীদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ঠিকাদার লোকমান এবং তার গাড়িচালক বিল্লালসহ সহযোগীরা লাঠি ও ইট নিয়ে উপ-সহকারী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলামের ওপর হামলা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অভিযুক্তরা বাঁশ নিয়ে ওই প্রকৌশলীকে ধাওয়া করছেন এবং তিনি প্রাণভয়ে দৌড়াচ্ছেন। এই ঘটনায় মামলা দায়েরের পর থেকেই পুলিশ ও র্যাব অভিযুক্তদের ধরতে অভিযানে নামে।

কাউছার আলম, ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর-বাঞ্ছারামপুর)