মজুত করা অকটেন জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২১৫ লিটার অকটেন জব্দ করার পাশাপাশি তিন ব্যক্তিকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার (১৯ এপ্রিল) রাত ৯টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই কুমিল্লা কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে আদর্শ সদর উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার। ভ্রাম্যমাণ আদালত বালুতুপা এলাকার লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান মেসার্স শফিক এন্টারপ্রাইজে তল্লাশি চালিয়ে মালিক মো. শফিকের গুদাম থেকে লুকিয়ে রাখা ২১৫ লিটার অবৈধ অকটেন জব্দ করে।
আদালত সূত্র জানায়, অবৈধভাবে জ্বালানি মজুত ও সিন্ডিকেট করে অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিক এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ জ্বালানি সরবরাহের সঙ্গে জড়িত থাকার অপরাধে মো. শরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা এবং মো. রাসেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাশিয়াত আকতার।

মাহফুজ নান্টু, কুমিল্লা