রাজবাড়িতে নসিমনের ধাক্কায় শিশুর মৃত্যু
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নসিমনের ধাক্কায় ফাতেমা নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরের উত্তর বালিয়াকান্দি মিয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের ছলেমান মিয়ার মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শিশুটি নিজ বাড়ির সামনে সড়কের ওপর উঠলে দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত নসিমন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ফরিদপুর নেওয়ার পথে মধুখালী এলাকায় শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে নসিমনসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক চালকের নাম রাম কুমার।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নসিমন চালককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

মো. কবির হোসেন, রাজবাড়ী