ঘরের ভেতরে ছেলের, রেললাইনে বাবার মরদেহ
গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং নিকটস্থ রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) ভোরে পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বড় ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা সোহেল হোসেন ও তার ছোট ছেলে সাকিব হোসেন। সাকিব উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি চাকরি করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বছরখানেক আগে তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি দুই ছেলেকে নিয়ে বনমালার বাড়িতে বসবাস করতেন। শনিবার দিনগত মধ্যরাতে ছোট ছেলে সাকিবের মরদেহ তার নিজ কক্ষে মুখে কাপড় গোঁজা অবস্থায় পাওয়া যায়। অন্যদিকে, বাবা সোহেল হোসেনের মরদেহ বাড়ির কাছের রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। তার শরীরে ট্রেনের আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে সোহেল হোসেনের বড় ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘর থেকে ছেলের এবং রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নাসির আহমেদ, গাজীপুর