পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়ল ‘বনদস্যু’
সুন্দরবন থেকে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে কোস্ট গার্ডের হাতে ধরা পড়েছে বনদস্যু ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আব্দুস সামাদ মোল্লা (৩৫)। গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে তাকে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে সুন্দরবনের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের ঢাকা মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সুন্দরবনের দস্যুদের দমনে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। এর ধারাবাহিকতায় তৃতীয়বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’র আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
সাব্বির আলম সুজন জানান, গত ১৩ এপ্রিল সুন্দরবন থেকে উঠে বাগেরহাটের রামপালের শুকদারা বাজার এলাকায় নিজ বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে আসেন সামাদ মোল্লা। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার (২০ এপ্রিল) রাতে কোস্ট গার্ড ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ২১ এপ্রিল মধ্যরাতে মোংলার সুন্দরবনের নন্দবালা খাল সংলগ্ন বনের ভেতরে অভিযান চালানো হয়। এ সময় মাটির নিচে লুকিয়ে রাখা একটি একনলা বন্দুক, একটি এয়ারগান ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সাব্বির আলম সুজন আরও জানান, আব্দুস সামাদ মোল্লা দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দস্যু কার্যক্রমে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আবু হোসাইন সুমন, মোংলা