ঈদের দিন ১৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে আটক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ঈদের দিন মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বাবা-ছেলেকে আটক করেছে থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট তাতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আটকেরা হলেন–ছেলে রুবেল ইসলাম (৩১) ও তার বাবা আব্দুর রহিম (৫২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এসআই তপন রায়ের নেতৃত্বে একটি টিম রুবেল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার শয়নকক্ষে রাখা ধানের স্তূপের নিচ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘরের মেঝের নিচ থেকে ৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মোট ১৫ বোতল মদসহ রুবেলকে তার খাটের নিচ থেকে এবং তার বাবাকে একই বাড়ি থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাবা আব্দুর রহিম এ কাজে সহযোগিতা করে আসছিলেন।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল ইসলাম ও আব্দুর রহিমকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাসান রায়হান, পঞ্চগড় (দেবীগঞ্জ)