চার মাইক্রোবাস ও সাত মোটরসাইকেলসহ আ.লীগের ১৩ জন আটক
সাভারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি হাইয়েস মাইক্রোবাস, ৭টি মোটরসাইকেল এবং বেশ কিছু ব্যানার জব্দ করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) দিনগত রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ জানায়, রাতে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেল ও মাইক্রোবাস যোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাবতলী ব্রিজ হয়ে সাভারের ভাকুর্তার ভাঙ্গা ব্রিজ এলাকায় জড়ো হন। সেখানে তারা একটি ঝটিকা মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ১৩ জনকে আটক এবং তাদের ব্যবহৃত যানবাহনগুলো জব্দ করে।
সাভার মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, আটকদের নাম, ঠিকানা ও দলীয় পদবি যাচাই-বাছাইয়ের কাজ চলছে। পুরো ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাহিদুর রহমান