নারীকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় জীবন দিলেন প্রধান শিক্ষক
হঠাৎ সড়কে উঠে আসা এক নারীকে বাঁচানোর চেষ্টা করে দুর্ঘটনার শিকার হয়ে নিজেই জীবন দিলেন দিনাজপুরের খানসামা উপজেলার দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে দিনাজপুরের চেক আপ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আনিছুর রহমানের মৃত্যুতে পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবারের সদস্যরা জানায়, গতকাল বুধবার (১৫ জুলাই) সকালে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের আলোকঝাড়ী ইউনিয়নের আশা অফিসসংলগ্ন এলাকায় হঠাৎ সড়কে উঠে আসেন এক নারী। তাকে বাঁচানোর চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মো. আনিছুর রহমান শুধু একজন প্রধান শিক্ষকই ছিলেন না; তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রিয় অভিভাবক, সহকর্মীদের আস্থার প্রতীক এবং এলাকার একজন বিনয়ী ও মানবিক মানুষ। তার অকাল মৃত্যুতে দক্ষিণ গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
আনিছুর রহমানের মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন সর্বস্তরের মানুষ।

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)