পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, দুই সঙ্গী পুলিশ হেফাজতে
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দুই সঙ্গীকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) দিনগত ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়ান মোল্লা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। আটকরা হলেন- একই গ্রামের আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, গত রোববার (১৯ জুলাই) রাতে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয় রিয়ান। পরে আরিফ ও মুরছালিনকে সাথে নিয়ে তারা স্থানীয় এক ব্যক্তির বাগান থেকে ডাব পাড়তে যায়। গাছে উঠে ডাব পাড়ার সময় রিয়ান নিচে থাকা পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। ঘটনার পর তার দুই সঙ্গী পুকুরে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে বাড়ি ফিরে গেলেও বিষয়টি কাউকে জানায়নি।
রিয়ান বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে আরিফ ও মুরছালিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডাব পাড়ার চেষ্টা ও পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে সোমবার (২০ জুলাই) দিনগত ভোর রাত ৩টার দিকে পরিবারের লোকজন ওই পুকুরে রিয়ানের মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, আটক দুজনকে থানায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাসুদ পারভেজ, গোপালগঞ্জ