গত বছরের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবকে অব্যাহতি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভুল প্রশ্ন দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২ টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় বাংলা ১ম পত্র পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে বলার পরও কোনো ব্যবস্থা নেননি। পরে বেলা সাড়ে ১১টায় তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে দেড় ঘন্টা সময় বাড়ানো হয়। তাদের অভিযোগ নতুন করে সময় বাড়ানো হলেও নিদিষ্ট সময় পার হওয়ার আগেই খাতা নিয়ে নেয় শিক্ষকরা।
অভিভাবকরা জানান, পরীক্ষার কেন্দ্র সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে এর দায়ভার কে নেবে। আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
সিনহা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেঘা ও সুমাইয়া আক্তার বলেন, আমরা বারবার বলার পরও শ্রেণি শিক্ষকরা কর্ণপাত করেনি। পরে দেড় ঘণ্টা সময় অতিবাহিত হবার পর ২০২৬ সালের প্রশ্ন দেয় এবং ১ ঘণ্টা ২৫ মিনিট সময় বাড়িয়ে দেয়।
কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, ভুল বশত ২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২৬ সালের প্রশ্ন দেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, ভূলবসত ২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে পরে ঢাকা বোর্ডের চেয়ারম্যানের সাথে কথা বলে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এঘটনায় ইতিমধ্যে কেন্দ্র সচিবকে অব্যহতি দেওয়া হয়েছে।

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)