১৭৪৪ লিটার ডিজেল জব্দ, একজনের কারাদণ্ড
সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা এক হাজার ৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার শেরনগর এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।
বেলকুচির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর উপস্থিত ছিলেন।
আফরিন জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় শেরনগর এলাকার মেসার্স রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রলিয়াম আইনে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা ডিজেল বিক্রি করে প্রাপ্ত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ইউএনও আফরিন জাহান আরও বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)