রাজধানীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
রাজধানীর সবুজবাগের বাসাবো এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বাসাবো খেলার মাঠের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নরোত্তম বিশ্বাস গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরি করার সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
মোবারক হোসেন কুমিল্লার হোমনা উপজেলার ধুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত মঙ্গল মিয়া। তিনি বর্তমানে পূর্ব বাসাবো টেম্পু স্ট্যান্ড এলাকায় বসবাস করতেন।
নিহতের ভাগ্নে সুমন ইসলাম জানান, মোবারক আগে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করতেন, তবে সাম্প্রতিক সময়ে তিনি কর্মহীন ছিলেন ও মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি ঢাকায় আসেন এবং অনিয়মিতভাবে স্বজনদের সঙ্গে যোগাযোগ রাখতেন। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক।
ভাগ্নে সুমন ইসলাম বলেন, ‘আমি সংবাদ শুনে এসে তার মরদেহ দেখতে পাই। পুলিশের মাধ্যমে জানতে পাই, তিনি বৈদ্যুতিক তার চুরি করার সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।’

নিজস্ব প্রতিবেদক