ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘ট্যাক্স-ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি। এটির জন্য অতিরিক্ত কোনো খরচও লাগবে না।’
আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ।
গতকালের (মঙ্গলবারের) বক্তব্যের বিষয়টি স্পষ্ট করতে গিয়ে এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘শুল্কমুক্ত গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাও আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা যেভাবে সরকারি কাজ পরিচালনার জন্য গাড়ি পান, ঠিক একই প্রক্রিয়ায় সংসদ সদস্যদের ব্যবহারের জন্য একটি করে সরকারি গাড়ি দেওয়া যায় কি না—সেটিই আমি এই সংসদে জানিয়েছিলাম।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সরকারি মালিকানাধীন একটি গাড়ি সংসদ সদস্যরা ঠিক ততদিনই ব্যবহার করবেন, যতদিন তিনি পদে থাকবেন। এর জন্য আলাদা খরচের প্রয়োজন নেই। আমাদের সংসদ সদস্যদের ইতোমধ্যে গাড়ি রক্ষণাবেক্ষণের (মেনটেইনেন্স) জন্য ৭০ হাজার টাকা করে দেওয়া হয়, অথচ আমাদের অধিকাংশেরই গাড়ি নেই।’
হাসনাত আরও বলেন, ‘গতকালকের বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি। শুল্কমুক্ত প্লট ও গাড়ির সুবিধা না নেওয়ার বিষয়টি নিয়ে এই সংসদের পুরো হাউস ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটি না নেওয়ার মাধ্যমে একটি অনন্য নজির স্থাপন করেছেন।’

নিজস্ব প্রতিবেদক