ভুয়া সনদ তৈরি দায়ে দুই কম্পিউটার দোকানিকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সুপার মার্কেটে ভুয়া ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র তৈরি ও বিক্রির অভিযোগে দুই কম্পিউটার দোকানের মালিককে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) অভিযোগের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানার আদেশ দেন।
জানা যায়, পৌর সুপার মার্কেটের বিভিন্ন কম্পিউটার দোকানে ভুয়া সনদ তৈরি ও বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় দুটি দোকানে কসবা পৌরসভার প্রশাসক ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত এবং স্বাক্ষরবিহীন ব্ল্যাঙ্ক ওয়ারিশান সনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র উদ্ধার করা হয়। এসব সনদে নাম-ঠিকানা না থাকলেও স্মারক নম্বর ও তারিখ উল্লেখ ছিল, যা বিভিন্ন জালিয়াতির কাজে ব্যবহৃত হয়ে থাকে।
এ ঘটনায় ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে ব্রাদার্স কম্পিউটারকে ২০ হাজার টাকা এবং সাইফুল অ্যান্ড রাকিব কম্পিউটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযানটি পরিচালনা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। তিনি জানান, এসব কম্পিউটারের দোকান থেকে ভুয়া নথি তৈরি করে সরকারি বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছিল, যা অত্যন্ত স্পর্শকাতর। তাই আজকে তাদের প্রাথমিক অবস্থায় জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)