অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মাসুদ রানা আপেল (৪৯) নামের এক মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা আপেল দুধবাড়ীয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের মাধ্যমে কৃষিজমির উর্বরতা নষ্ট করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় তাকে এই জরিমানা করা হয়। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে ভাঙ্গুড়া থানা পুলিশ।
সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটা এবং কৃষিজমি নষ্ট করে পরিবেশ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই আইন অমান্য করে মাটি উত্তোলন বা বিক্রির সুযোগ দেওয়া হবে না।

আপন ইসলাম, পাবনা (চাটমোহর-ভাঙ্গুরা)