শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন কবে, জানালেন প্রতিমন্ত্রী
বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, টার্মিনালের হ্যান্ডেলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান। ১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ কথা জানান প্রতিমন্ত্রী।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, দুই থেকে তিন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে ১৪টি বোয়িং কেনা হবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, বিমানের অতীতের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিমানকে লাভজনক করতে প্রধানমন্ত্রী বেশকিছু সিদ্ধান্ত জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতকে বিদেশিদের কাছে আকর্ষণীয় করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত ও পার্বত্য অঞ্চলকে বিদেশিদের জন্য উপযোগী করারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক