ভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা : কেন্দ্র সচিবসহ ২ শিক্ষক বহিষ্কার
বরিশালের উজিরপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগে কেন্দ্র সচিবসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
বহিষ্কৃত শিক্ষকরা হলেন কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন এবং সহকারী শিক্ষক খগেন মণ্ডল।
অভিযোগে জানা যায়, অনিয়মিত (২০২৫ সালের) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফলাফল নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঘটনার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা তাৎক্ষণিকভাবে ওই দুই শিক্ষককে এসএসসি পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে ইউএনও মো. আলী সুজা বলেন, ‘পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে সত্যতা মিলেছে বলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বরাবর আবেদন করা হবে।

কমল পূলক, বরিশাল (উজিরপুর)