কেশবপুরে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু
যশোরের কেশবপুরে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে হাসেম আলী সরদার (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বড়েঙ্গা গ্রামের কলাতলা বিলে নিজের জমিতে ধান কাটার সময় ঘটনাটি ঘটে।
কৃষক হাসেম আলী সরদার ওই গ্রামের মৃত সাহেব আলী সরদারের ছেলে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কৃষক হাসেম আলী সরদার সকালে কলাতলা বিলে ধান কাটাতে যান। সকাল ১১টার দিকে ধান কাটার সময় প্রচণ্ড গরমের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কৃষকের হাসেম আলী সরদারের ছেলে ইয়াসিন আরাফাত বলেন, তার বাবা সকালে নিজেদের ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই কৃষককে হাসপাতালে আনা হয়।

ইনামুল হাসান, যশোর (মনিরামপুর-কেশবপুর)