কলেজ শিক্ষিকাকে বিএনপি নেতার মারধরের ভিডিও ভাইরাল
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে এক শিক্ষিকাকে বিএনপি নেতার মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে দেশজুড়ে ব্যাপক সমালোচনা চলছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগামী ৪ ও ৫ মে দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয়ভাবে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং আর্থিক সহযোগিতার জন্য এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জয়নগর ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। এসময় কলেজের ডেমোনেস্ট্রেটর আলেয়া খাতুন হীরা অধ্যক্ষের পাশে ছিলেন।
স্থানীয়দের দাবি, আলেয়া খাতুন হীরা অধ্যক্ষের সঙ্গে স্থানীয়দের কথাবার্তা ভিডিও করতে শুরু করেন। ভিডিও করতে নিষেধ করলে বিএনপি নেতার সঙ্গে হীরার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে হীরা সবার সামনে বিএনপির সহযোগী সংগঠন মৎস্যজীবী দলের নেতা শাহাদাত আলীকে থাপ্পড় দেন। এতে ক্ষুব্ধ হয়ে শাহাদাত আলী পায়ের স্যান্ডেল খুলে হীরাকে মারধর করেন।
ঘটনার পর বিএনপি নেতারা কলেজ থেকে চলে যাবার সময় আলেয়া খাতুন হীরা কলেজ মাঠে বিএনপির এক নেতাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।
এ বিষয়ে জানতে চাইলে আলেয়া খাতুন হীরা বলেন, যারা এসেছিলেন তারা মাহফিলের নামে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। অধ্যক্ষের ওপরে হামলা চালালে তিনি ভিডিও করছিলেন। তারা ভিডিও করতে দেবে না, এ জন্য তাঁর ওপরে হামলা করে তাঁকে স্যান্ডেল দিয়ে মারপিট করে এবং তাঁর মুঠোফোনটা কেড়ে নিয়ে ভেঙে ফেলে।
কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, আজ শুক্রবার দুপুর পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শ. ম সাজু, রাজশাহী