ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, আলাকপুর গ্রামের ছমির বাড়ির সাবেক মেম্বার আব্দুল আলীর সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ আউয়াল মিয়ার পারিবারিক বিরোধসহ নানা কারণে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। পরে আজ দুপুরে আব্দুল আলী ও আউয়াল মিয়ার পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টাধাওয়ায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতাল চিকিৎসা নিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে কী নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্তকাজ চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া