হত্যাচেষ্টা মামলার আসামি ৭ বছরের শিশু!
নাটোরের গুরুদাসপুরে সাত বছর বয়সী প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ২১ বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদীকে কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ওই শিশুকে জামিন দিয়েছেন শিশু আদালতের বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম।
বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামীম উদ্দিন পিকে জানান, আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে হোসেন আলী নামে ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্যপ্রমাণসহ উপস্থাপন করা হলে বিচারক ওই নির্দেশ দেন। গত ৯ এপ্রিল উপজেলার ধারাবারিষা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণ সরকারের সঙ্গে শিশু-কিশোরদের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রাবণ সরকারের বাবা শাহানুর রহমান বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় সাত বছরে শিশু হোসেন আলীকে ২১ বছর দেখিয়ে আসামি করা হয়।
আসামিপক্ষের আইনজীবী শামীম উদ্দিন আরও জানান, মামলায় পাঁচ আসামির চারজন আমলি আদালত থেকে গত সপ্তাহে জামিন নেন। শিশু হওয়ায় হোসেন আলীকে আজ শিশু আদালতে উপস্থাপন করা হয়।
আদালতের বরাত দিয়ে আইনজীবী আরও জানান, পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় শিশু হোসেন আলীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।

হালিম খান, নাটোর