তিন দিনের ব্যবধানে আরও এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক সহিংসতার ধারাবাহিকতায় তিন দিনের ব্যবধানে আরও এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (২৬ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের লেংগা বাইল্যার ঘাটা এলাকায় নিজ বাড়ির কাছে এই হত্যাকাণ্ডের শিকার হন তিনি।
নিহত বিএনপিকর্মীর নাম নাছির উদ্দীন (৫৫)। তিনি ৮ নম্বর কদলপুর ইউনিয়নের দক্ষিণ শমসের পাড়ার মৃত দুদু মিয়ার ছেলে। নাছির রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী এবং একসময়ের সক্রিয় যুবদলকর্মী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পর নাছির উদ্দীন যখন তার বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন, তখন ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাজান জানান, নাছিরের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। তার পেট ও পাসহ শরীরের বিভিন্ন অংশে অন্তত ৯-১০টি গুলি লাগে। শরীর থেকে নাড়িভুঁড়ি বেরিয়ে আসার মতো গুরুতর জখম ছিল তার। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল জানান, চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই নাছির উদ্দীনের মৃত্যু হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এটিই নাছিরের ওপর প্রথম হামলা নয়। এর আগেও গত ৮-৯ মাস আগে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেছিল। সেবার দীর্ঘদিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অলৌকিকভাবে বেঁচে ফিরেছিলেন তিনি।
রাউজানে এটি গত তিন দিনের মধ্যে দ্বিতীয় হত্যাকাণ্ডের ঘটনা। এর আগে গত শুক্রবার রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউসার বাবলু নামে আরও এক বিএনপিকর্মীকে একইভাবে গুলি করে হত্যা করা হয়। স্বল্প সময়ের ব্যবধানে দুই রাজনৈতিক কর্মীর হত্যাকাণ্ডে এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)