সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ
সাতক্ষীরায় চলতি মৌসুমের আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করে ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ করেছে জেলা প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ মে থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আমপাড়া ও বাজারজাতকরণ শুরু হবে।
গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার এই সময়সূচি ঘোষণা করেন।
সভায় জানানো হয়, নির্ধারিত সূচি অনুযায়ী ৫ মে থেকে ২৬ মে পর্যন্ত গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী ও বোম্বাইসহ স্থানীয় জাতের আম সংগ্রহ করা যাবে। এছাড়া ১৫ মে থেকে হিমসাগর ও খিরসা, ২৭ মে থেকে ল্যাংড়া এবং ৫ জুন থেকে আম্রপালি জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবির প্রেক্ষিতে ল্যাংড়া ও আম্রপালি আম সংগ্রহের সময় এবার কিছুটা এগিয়ে আনা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই আমের পরিপক্কতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাইফুল ইসলাম আরও বলেন, মুনাফার আশায় রাসায়নিক মিশিয়ে বা অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হবে।
সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইকবাল আহমেদ এবং আমচাষি সমিতির নেতা লিয়াকত আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম জিন্নাহ, সাতক্ষীরা