শেনজেন অঞ্চলে ভিসাপ্রাপ্তদের জন্য বিশেষ নির্দেশনা
ইউরোপের ২৯টি দেশ নিয়ে গঠিত ‘শেনজেন অঞ্চলে’ যারা ভিসা পেয়েছেন তাদের ভ্রমণের ক্ষেত্রে বিশেষ সতর্ক নির্দেশনা জারি করা হয়েছে। ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাস থেকে গুরুত্বপূর্ণ এই নির্দেশনা জারি করা হয়েছে। এতে ভিসাপ্রাপ্তদের ভ্রমণ পরিকল্পনা থেকে সরে না আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (২৭ এপ্রিল) সকালে জার্মান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়েছে, যাদের শেনজেন অঞ্চলে ভিসা অনুমোদন হয়েছে তাদের অবশ্যই আবেদনের সময় জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা অনুসরণ করতে হবে।
জার্মান দূতাবাস আরও জানিয়েছে, নির্ধারিত পরিকল্পনার বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে শেনজেনভুক্ত দেশগুলোর ভিসা পেতে জটিলতা সৃষ্টি হতে পারে, এমনকি এতে ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকিও তৈরি হতে পারে।
এ কারণে শেনজেন অঞ্চলে ভিসাপ্রাপ্তদের নির্ধারিত গন্তব্য, উদ্দেশ্য ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভ্রমণ সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনার পরিবর্তন প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে জানানোর জন্যও আহ্বান জানোনো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক