চোরাচালানের অভিযোগে দুই চীনা নাগরিক কারাগারে
চোরাচালানের মাধ্যমে আনা বিপুল মোবাইল ফোন, র্যাম ও নগদ টাকা উদ্ধারের ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই শামীম বলেন, আজ মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন—চীনা নাগরিক ঝাং হাইবিন (৫০), ওয়াং গুওফেং (৫২) এবং তাদের দোভাষী মো. দেলোয়ার হাওলাদার (২৫)।
মামলার এজাহার থেকে জানা গেছে, গত ২৬ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ফ্ল্যাট থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বাসার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, র্যাম এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। জব্দ করা মোবাইলগুলোর মধ্যে স্যামসাং গ্যালাক্সি সিরিজ ও আইফোন রয়েছে। এসব পণ্যের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি আসামিরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, চীন থেকে কৌশলে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব পণ্য বাংলাদেশে এনে ঢাকার বিভিন্ন মার্কেটে বিক্রি করতেন।

আদালত প্রতিবেদক