যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থীর বাড়িতে জেলা প্রশাসক
যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার ১০ দিন পর মাদারীপুরের দুই মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামে নিহত বৃষ্টির বাড়িতে যান মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব।
এ সময় জেলা প্রশাসক বৃষ্টির স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। বৃষ্টির বাবা ঢাকায় অবস্থান করায় জেলা প্রশাসক মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত অবস্থায় গত ১৬ এপ্রিল নিখোঁজ হন মাদারীপুরের দুই শিক্ষার্থী বৃষ্টি ও লিমন। এর আট দিন পর গত শুক্রবার টেম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ থেকে লিমনের খণ্ডিত মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। পরদিন শনিবার ঘটনাস্থলে পাওয়া রক্তের ডিএনএ পরীক্ষা শেষে বৃষ্টিকেও হত্যার তথ্য নিশ্চিত হওয়া যায়। বৃষ্টির পরিবার জানায়, লিমন ও তার মার্কিন রুমমেট হিশামের মধ্যে দ্বন্দ্বের জেরে গত ১৬ এপ্রিল তাদের দুজনকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় হিশাম নামে এক মার্কিন নাগরিককে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, বৃষ্টির মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমি তার পরিবারকে সদস্যদের সান্ত্বনা দিতে এখানে এসেছি। আমরা সবসময় তাদের পাশে আছি। মরদেহের সন্ধান পাওয়া গেলে দেশে আনার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
নিহত বৃষ্টির পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং বৃষ্টির মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। ৭ মাস আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে উচ্চতর ডিগ্রির জন্য আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন ২৩ বছর বয়সী এই তরুণি।

এম. আর. মুর্তজা, মাদারীপুর