পুলিশের বিশেষ অভিযানে আটক ৩০
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক বিশেষ অভিযানে টঙ্গীর আলোচিত হাজী মাজার বস্তি এলাকা থেকে ৩০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্র জানায়, হাজী মাজার বস্তি এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের গোপন খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযানে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ৩০ জনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসাইন জানান, মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকবিরোধী এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

নাসির আহমেদ, গাজীপুর