যাত্রাবাড়ীতে ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান পরিচালনা করে ১৯ কেজি গাঁজা ও দুই বোতল মদসহ মোহাম্মদ আলী সুমন (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গোয়েন্দা মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (২৮ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ী থানাধীন মাওয়া ও কেরানীগঞ্জগামী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা, দুই বোতল মদ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী সুমন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোমারবাড়ী এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকেকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক