কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীমঙ্গল-কমলগঞ্জ
মৌলভীবাজারে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে শ্রীমঙ্গল-কমলগঞ্জ। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটেছে। প্রবল ঝড়ে গাছ উপড়ে পড়ে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিশেষ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাছ পড়ে প্রায় ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত থেকে শুরু হওয়া ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে এবং অনেক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।
গত শনিবার থেকে টানা ঝড়ের কারণে বিদ্যুৎ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, খুঁটি উপড়ে পড়ে এবং বহু ঘরবাড়ির টিনের ছাউনি উড়ে যায়।
কয়েক দিন ধরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ফলে মোবাইল নেটওয়ার্কেও বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে বন্ধ হয়ে পড়েছে।
আজ মঙ্গলবার পর্যন্ত দুই উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। তবে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ছেঁড়া তার মেরামত ও ভাঙা খুঁটি পুনঃস্থাপনের কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, সড়কে পড়ে থাকা গাছ অপসারণে কাজ করছে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ইউনিট।
এ বিষয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার লিটন মোহাম্মদ আক্তার হোসেন জানান, এ পর্যন্ত শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক থেকে আটটি, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিনটি এবং ইউসুফপুর এলাকা থেকে চারটি গাছ অপসারণ করা হয়েছে।
লিটন মোহাম্মদ আক্তার হোসেন বলেন, কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে গাছ পড়ে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ ছিল। পরে ফায়ার সার্ভিস, বন বিভাগ ও স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আহাদ মিয়া, মৌলভীবাজার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)