দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস, যেসব অঞ্চলে সতর্কবার্তা
দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে বজ্রসহ কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত ওই পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের আটটি বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
আরও পড়ুন : ইরানের ওপর নৌ-অবরোধ কয়েক মাস স্থায়ী হতে পারে, বললেন ট্রাম্প
আবহাওয়া অফিসের জানায়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ঝুঁকি এড়াতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নদী পথে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। দুপুরের পর আবহাওয়ার এই পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক