কালবৈশাখী হতে পারে যেসব জেলায়, সাবধানে চলাচলের পরামর্শ
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ওপর দিয়ে আজ সন্ধ্যার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৫ মে) সকালে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তীব্র কালবৈশাখীর আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঝোড়ো হাওয়ার প্রভাবে নদীবন্দরগুলোতে নৌযান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে ও আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকার আকাশ সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছে। উত্তর ও মধ্যাঞ্চলেও দিনের যেকোনো সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এই ৬টি অঞ্চলে ঝড়ের তীব্রতা বেশি হওয়ার সম্ভাবনা থাকায় বাড়তি সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

এনটিভি অনলাইন ডেস্ক