মার্কিন ভিসা আবেদনকারীদের নতুন সতর্কতার নোটিশ
দেশের বড় একটা জনগোষ্ঠীর প্রধান ও প্রথম আকর্ষণীয় গন্তব্য থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে দেশটি শিক্ষা, ব্যবসা ও ভ্রমণ ভিসায় বিধিনিষেধ আরোপ করছে একের পর এক। এবার বার্থ ট্যুরিজমকে নিরুৎসাহিত করতে সতর্কতার নোটিশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, “শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।”
এর আগেও গত ৯ মার্চ ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা নিয়ে মার্কিন দূতাবাস সতর্কতা জারি করেছিল। তখন দূতাবাস জানায়, “ভিজিটর ভিসায় দত্তক নেওয়ার প্রক্রিয়া সৃষ্টি করতে পারে গুরুতর অভিবাসন ও আইনি জটিলতা। এতে হেগ কনভেনশন, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং শিশুর নিজ দেশের আইন ভঙ্গ হওয়ার ঝুঁকি থাকে। জেনেশুনে আইনি প্রক্রিয়া এড়িয়ে বি১/বি২ ভিসার জন্য আবেদন করলে তা ভিসা জালিয়াতি হিসেবে গণ্য হতে পারে।”
গত ২৫ এপ্রিল (শনিবার) ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে ডিপার্টমেন্ট অফ স্টেট, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক