ব্রাহ্মণবাড়িয়ায় ঠাকুর রামচন্দ্র দেবের বার্ষিক উৎসব শুরু
ব্রাহ্মণবাড়িয়া শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত কৈবল্যভূম আশ্রমে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ৪৫তম বার্ষিক উৎসব শুরু হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে চারদিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উৎসবে মোহন্ত মহারাজা শ্রীশ্রী কৈবল্যধাম শ্রীমৎ কালীপদ ভট্টাচার্যের উপস্থিতি ভক্ত ও দর্শনার্থীদের মাঝে বিশেষ উদ্দীপনার সৃষ্টি করেছে।
উৎসবের প্রথম দিনে আশ্রম প্রাঙ্গণে আলোচনা সভা ও সামাজিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে অসহায়দের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এদিন নারী-পুরুষসহ তিন শতাধিক মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
আশ্রমের সভাপতি রঞ্জন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম এবং স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা. পি বি রায় সুপ্রিয়।
আশ্রমের সাধারণ সম্পাদক ফনিভূষণ দেবের নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।
প্রথম দিনের ধর্মীয় কর্মসূচির মধ্যে ছিল বেদবাণী পাঠ, ঠাকুর প্রসঙ্গ আলোচনা, গঙ্গা আবাহন, উৎসবাধিবাস, শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা এবং শ্রীশ্রী নামযজ্ঞের শুভ সূচনা।

শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া