ফের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা আফজাল
রাজধানীর উত্তরা পূর্ব থানার মাহমুদুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ও ইউনাইটেড গ্রুপের নির্বাহী পরিচালক (অ্যাডমিন) অবসরপ্রাপ্ত কর্নেল আফজাল নাছের ভূঁইয়াকে ফের তিনদিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। আজ মামলার তদন্ত কর্মকর্তা আশরাফুল আলম তালুকদার আসামিকে হাজির করে সাতদিন রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ।
নথি থেকে জানা গেছে, গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আফজাল নাছের ভূঁইয়াকে গ্রেপ্তার করে। এরপর থেকে মামলার তদন্তের স্বার্থে তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ ফের আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় একটি মিছিলে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে মাহমুদুল হাসান (২৬) গুলিবিদ্ধ হন। পরে তাকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে উত্তরা পূর্ব থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

আদালত প্রতিবেদক