অর্থনীতি পুনরুদ্ধার করতে বড় বিনিয়োগ নিশ্চিত করা জরুরি : অর্থমন্ত্রী
দেশের তলানিতে থাকা অর্থনীতিকে পুনরায় গতিশীল ও পুনরুদ্ধার করতে বড় ধরনের বিনিয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যকে সামনে রেখেই সরকার বড় আকারের বাজেট প্রণয়ন করছে বলে তিনি জানান। আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে আসন্ন বাজেট নিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী সভায় জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতার প্রভাবে দেশের জ্বালানি খাতে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ ইতোমধ্যে আইএমএফ এবং বিশ্বব্যাংককে অবহিত করেছে যে বর্তমান অবস্থা থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে দেশটির অন্তত দুই বছরের একটি ‘কুশন’ বা আর্থিক সুরক্ষা প্রয়োজন।
দেশের আর্থিক খাতের নাজুক অবস্থার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বর্তমান বিএনপি সরকার একটি অত্যন্ত দুর্বল ব্যাংকিং খাত ও ভঙ্গুর শেয়ারবাজার উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তবে এই পরিস্থিতির টেকসই উন্নয়নের জন্য সব ধরনের ব্যবসায়িক বাধা দূর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে রফতানি আয় বাড়াতে তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় খাতগুলোতেও প্রয়োজনীয় প্রণোদনা ও বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করা হবে বলে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

নিজস্ব প্রতিবেদক