বৃষ্টি হলে সড়ক রূপ নেয় জলাশয়ে, দুর্ভোগে এলাকাবাসী
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ চম্পকনগর-মহেশপুর সড়কটি দীর্ঘদিনের সংস্কারহীনতায় এখন জনদুর্ভোগে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের বড় বড় গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্তমানে সড়কটি যানবাহন চলাচলের জন্য কার্যত অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ এই জনগুরুত্বপূর্ণ সড়কের অধিকাংশ অংশের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল বিশাল খানাখন্দ। গত কয়েকদিনের বৃষ্টিতে গর্তগুলোতে পানি জমে ছোটখাটো জলাধারের রূপ নিয়েছে। ফলে চালকদের পক্ষে সড়কের গভীরতা বোঝা সম্ভব হচ্ছে না, যা প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
ব্র্যান্ড প্রমোটার তরুণীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, ভারী যানবাহন ও পাওয়ার টিলারের অনিয়ন্ত্রিত চলাচল এবং বছরের পর বছর সংস্কার না করায় সড়কটির এই বেহাল দশা। সড়কটি খারাপ হওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জরুরি মুমূর্ষু রোগী, স্কুলগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা। অনেক সময় অ্যাম্বুলেন্স গর্তে আটকা পড়ে জীবনঝুঁকি তৈরি হচ্ছে। এছাড়া পণ্য পরিবহণে অতিরিক্ত সময় ও ব্যয় বাড়ায় ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন।
সড়কটি দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করলেও দীর্ঘদিনের অবহেলায় এটি এখন জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। স্থানীয়রা দ্রুত এই সড়কটি টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।
এক চোখ নিয়ে বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য
এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আশিকুর রহমান ভুইয়া জানান, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। সড়কটি উন্নয়নের জন্য ইতোমধ্যে সদর দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হয়ে এলে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে।

শাহনেওয়াজ শাহ, ব্রাহ্মণবাড়িয়া (সদর-আশুগঞ্জ-বিজয়নগর)