রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ঝড়সহ বজ্রপাতের শঙ্কা, বিশেষ সতর্কতা
ফাইল ছবি
রাত ১টার মধ্যে দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে বজ্রপাতসহ ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার (১ মে) সন্ধ্যা ৭টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা সতর্কবার্তায় বলা হয়, রাতের মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
এমন পরিস্থিতিতে ১২ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

এনটিভি অনলাইন ডেস্ক