শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ হচ্ছে : ডিএমপি কমিশনার
রাজধানীতে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। আজ শনিবার (২ মে) দুপুরে কারওয়ান বাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।
ডিএমপি কমিশনার আরও জানান, আগের মতো বড় শীর্ষ সন্ত্রাসী না থাকলেও তাদের সহযোগী ও নতুনভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করা ব্যক্তিদের নজরদারিতে রাখা হয়েছে। সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে ওঠার আগেই ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনার বলেন, ‘কারওয়ান বাজার এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্পটি চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ভূমিকা রাখবে। এখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সদস্য বাড়ানো হবে।
ডিএমপি কমিশনার আরো জানান, রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। গোপন নজরদারি বাড়ানোসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক