স্বর্ণ ব্যবসায়ীরা পেলেন স্মার্ট কার্ড
লক্ষ্মীপুর পৌরসভার প্রায় ৯৫ জন স্বর্ণ ব্যবসায়ীর মাঝে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) স্মার্ট কার্ড ও সনদ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (২ মে) রাতে শহরের একটি চাইনিজ রেস্তোরাঁয় বাজুস জেলা কমিটির সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সনদ ও কার্ড বিতরণ করা হয়। লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেল কমিটির ব্যানারে এই সভার আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর পৌর বাজুসের সভাপতি অপূর্ব লাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। প্রধান বক্তা ছিলেন জেলা বাজুসের সাধারণ সম্পাদক পরেশ কর্মকার।
লক্ষ্মীপুর পৌর বাজুসের সাধারণ সম্পাদক পলাশ কুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর পৌর বাজার মনিটরিং সেলের প্রধান উপদেষ্টা দীলিপ সাহা, জেলা বাজুসের সহ-সভাপতি জুলাশ কুরী, সহদেব কুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ কুরি, জেলা বাজার দর সমন্বয় কমিটির সভাপতি পলাশ কুরী, সাধারণ সম্পাদক লিটন কর্মকার, পৌর বাজুসের যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায় ও জেলা মহাজনী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় পাল।
প্রধান অতিথির বক্তব্যে সমীর কর্মকার বলেন, দীর্ঘ ১৯ বছর পর ২০২৪ সালের মার্চে নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্ব গ্রহণ করেছি। এরপর থেকেই স্বর্ণ ব্যবসায়ীদের কল্যাণে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। খুব শিগগিরই ২০২৬-২০২৮ সেশনের নির্বাচনের আয়োজন করা হবে।
সমীর কর্মকার আরও বলেন, নির্বাচনে দক্ষ সংগঠক ও প্রকৃত ব্যবসায়ীদের নির্বাচিত করতে হবে। কোনো কুচক্রী মহল বা ‘বসন্তের কোকিল’ যেন সুযোগ না পায়, সেদিকে সজাগ থাকতে হবে। একইসঙ্গে সরকারি আইন মেনে সবাইকে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করতে হবে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর